২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষিতাকে সহায়তায় মানবাধিকার কমিশন চুপ কেন’

ধর্ষণের শিকার একটি শিশুকে সহায়তায় মানবাধিকার কমিশন কেন নিশ্চুপ ছিল- তার ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 06:28 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। আগামী ৭ অক্টোবরের মধ্যে এই ব্যাখ্যা আদালতকে জানাতে বলেছেন তারা।

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির বাবার আবেদনে সাড়া দিয়ে ওই আসামির জামিন চেয়ে মানবাধিকার কমিশন রিট আবেদন করার পরদিন ভিন্ন একটি রিটে এই আদেশ এলো।

ধর্ষণের শিকার সেই মেয়েটিকে সহায়তা দিতে কমিশনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে আদালত।

ব্যক্তি পর্যায়ে সংগঠিত খুন, ধর্ষণ ও এসিড নিক্ষেপ ‘মানবাধিকার লঙ্ঘন নয়’- কমিশনের এমন অবস্থানকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কমিশনের সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে এই রিট আবেদনটি করেছেন হাসিনা আক্তার নামে এক নারী। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

হালিম পরে সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ৩০ অগাস্ট কুমিল্লার চৌদ্দগ্রামে একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার পর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়।

“চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আসামি জামিন নিয়ে আদালত থেকে বেরিয়ে এলে ধর্ষিতা ঢাকায় পালিয়ে আসে। ঢাকায় এসে ওই জামিন আদেশের নকল (অনুলিপি) পাওয়ার জন্য ৩ এপ্রিল ও ১৮ মে দুই দফা কমিশনের সহায়তা চেয়ে সে আবেদন করে। কিন্তু কমিশন জবাব বা সহায়তা না দিয়ে নিশ্চুপ থাকে।”

এই আইনজীবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, মানবাধিকার কমিশনের ২০১১ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে (রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা প্রজাতন্ত্রের কোনো কর্মচারী) সংগঠিত না হলে ধর্ষণ বা হত্যার মতো ফৌজদারী অপরাধকে রাষ্ট্রীয় মানবাধিকার লঙ্ঘন বলে গণ্য হবে না।