২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় পানি বেড়ে ডিমলা প্লাবিত

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 06:24 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) স্লুইচ গেইট খুলে রেখেছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, তিস্তা ব্যারেজ পয়েন্টে রোববার সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে।

সোমবার ভোর ৬টায় সেখানে বিপদসীমার ১০সেন্টিমিটার, সকাল ৯টায় ৮ সেন্টিমিটার ও বেলা ১২টায় ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পরিস্থিতি মোকাবেলায় ব্যারাজের ৪৪টি স্লুইচ গেইট খুলে রাখা হয়েছে এবং বর্তমানে পানি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

ডিমলা উপজেলার খলিশা চাপানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী জানান, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পশ্চিম বাইশপুকুর, পূর্ব বাইশপুকুর ছোটখাতা গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামগুলোর কোথাও হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে।

উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিফন জানান, ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের কিসামত ছাতনাই চরের প্রায় সাড়ে চারশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, রোববার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের চড়-খড়িবাড়ি, উত্তর-খড়িবাড়ি ও পূর্ব-খড়িবাড়ি গ্রামের দুই সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের ঘর বাড়িতে পানি ওঠায় পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছে।