২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে ছাত্র আহত

চাঁদপুর সদরে এক মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে ক্ষতবিক্ষত হয়েছে তার কিশোর শিক্ষার্থী।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 06:19 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার এলাকার মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় শুক্রবার এ ঘটনা ঘটেছে।

নির্যাতনের শিকার আমিনুল ইসলাম সাগর (১২) তালতলা গ্রামের নজরুল ইসলাম মিজির ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নির্যাতনকারী শিক্ষক আবুল কালাম আজাদকে সবাই বড় হুজুর বলে ডাকে।

সাগরের এ নির্যাতন দেখে তার ছোট ভাই সাইফুল ইসলাম সাকিল মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।

সাগর সাংবাদিকদের জানায়, শুক্রবার সকালে বড় হুজুর তার কক্ষ ও বারান্দা ঝাড়ু দেয়ার নির্দেশ দেন সাগরকে। সাগর বারান্দা ও হুজুরের কক্ষটি ঝাড়ু দিয়ে রাখে।

কিছুক্ষণ পর হুজুর তার কক্ষে ঢুকে দেখেন তার জুতা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখা হয়েছে। এছাড়া তার কক্ষ থেকে ছয় হাজার টাকা চুরি হয়েছে বলেও দাবি করেন।

এ কারণে হুজুর জোড়া বেত দিয়ে একটানা অন্তত ৩০ বার সাগরকে আঘাত করেন বলে সাগর জানায়।

সাগর আরো বলে, মারধরের এক পর্যায়ে সাগর লুটিয়ে পড়লে তাকে মাদ্রাসার দ্বিতীয় তলায় তুলে কিল-ঘুষি-লাথি মারেন তিনি।

পরে রক্তাক্ত অবস্থায় আরেক ছাত্রকে দিয়ে সাগরকে বাড়ি পাঠিয়ে দেন বড় হুজুর।

সাগরের মা রুনু বেগম বলেন, “ছেলেকে দেইখ্যা আমি চিৎকার দিয়া উডি। সারা শরীর তার রক্তে ভিজা। পাঞ্জাবিডা খুইল্লা দেখি, জায়গায় জায়গায় বেতের দাগ। আর থরকা থরকা রক্ত জইম্যা আছে। পোলার এই অবস্থা দেইখ্যা চোখের পানি রাখতে পারি নাই।”

রুনু বেগম আরো জানান, পরে সাগরকে নিয়ে মাদ্রাসায় যান তিনি। হুজুর তখন তাকে বলেন- বাড়িতে চলে যান ভালো হয়ে।

“তখন হুজুর বলেন, ‘তারে মাইরের সময় আমার মাথা ঠিক ছিল না। ডাক্তার দেখান, প্রয়োজনে ওষুধের দাম নিয়ে যান,’” বলেন রুনু বেগম।

এ ঘটনার পর থেকে তার ছোট ছেলে সাইফুল ইসলাম সাকিল মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছে বলে জানান রুনু।

সাগরের বাবা নজরুল ইসলাম মিজি সিলেটের জকিগঞ্জে থাকেন কাজের প্রয়োজনে।

তিনি বলেন, “এমন নিষ্ঠুর আচরণ একজন হুজুর করতে পারে তা ভাবতেও পারি না। বাচ্চাকে এমন নির্যাতনের কথা শুনে আমি সহ্য করতে পারছিলাম না।

“দুই ছেলেকে হাফেজ বানানোর এমন প্রত্যাশা ছিল আমার। কিন্তু এসব অমানুষের নির্যাতনের কারণে এদের এখানে রাখতে চাই না। এখানে থেকে তারা মানুষও হবে না,” বলেন তিনি।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, “সাগরকে মারধরের পরপরই তার অভিভাবকরা আমার কাছে নিয়ে আসে। তাকে আমিও দেখেছি। এটি অত্যন্ত নির্মম-নিষ্ঠুর কাজ এবং নিন্দনীয়।

“মাঝে মধ্যেই মাদ্রাসার এ হুজুরের এমন কাণ্ডের কথা শুনি। এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে।”

এলাকার আরো কয়েকজন জানান, এই হুজুরের নির্যাতনের শিকার হয়ে কালু মিজির ছেলে ফারুক, মানিক হোসেন মিজির ছেলে নাদিম, আবুল খায়েরের ছেলে রমজান আলী, মান্নান গাজীর ছেলে রাব্বিসহ বহু ছাত্র-ছাত্রীকে মাদ্রাসা ছাড়তে হয়েছে।

বড় হুজুরের নির্যাতনের শিকার হয়ে দাবি করে স্থানীয় মানিক হোসেন মিজির ছেলে নাদিম বলেন, “আমি ওই মাদ্রাসায় পড়তাম। হুজুর অনেক মারে। তার এমন অমানবিক মারের কারণে আমি মাদ্রাসা ছেড়ে এখন স্কুলে ভর্তি হয়েছি।”

সে জানায়, বড় হুজুরের নির্যাতনে অসংখ্য ছাত্রছাত্রী এই মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।

এ ব্যাপারে বড় হুজুর আবুল কালাম আজাদ বলেন, “ওই দিনের ঘটনার জন্যে আমি দুঃখ প্রকাশ করছি।”

তাকে একটু বেশিই মেরেছেন স্বীকার করে তিনি বলেন, “আমার ছয় হাজার টাকা চুরি হয়েছে, সাগর ছাড়া কেউ আমার রুমে ঢোকেনি। তাই তাকেই আমার সন্দেহ হয়েছে।”

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছে তিনি শুনেছেন। কেউ যদি অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

২৭ বছর হয়েছে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই আবুল কালাম আজাদ এর সঙ্গে জড়িত আছেন। তার পৈত্রিক বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।