গোপালগঞ্জের উপর দিয়ে খুলনার গাড়ি বন্ধ
খুলনায় দুই পরিবহন শ্রমিককে মারধরের জেরে শ্রমিকরা গোপালগঞ্জের উপর দিয়ে চলাচলকারী খুলনার সব পরিবহন বন্ধ করে দিয়েছে।
রোববার বিকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহররের পুলিশ লাইন মোড়ে খুলনার বহু গাড়ি আটকা পড়েছে। তবে, অন্য রুটের গাড়ি চলাচল অব্যাহত রয়েছে।
মারধরে আহত বাস চালক ফারজু ও সহকারী মিঠুনকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
বাস শ্রমিকরা জানিয়েছেন, দুপুরে গোপালগঞ্জের বাঁধন পরিবহন খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে পার্কিংয়ে থাকা কালিগঞ্জগামী একটি বাসের শ্রমিকরা বাঁধন পরিবহনের কাছে সাইড চায়।
সাইড দিতে দেরি হওয়ায় ওই পরিবহনের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বাঁধন পরিবহনের চালক ফারজু ও সহকারী মিঠুনকে মারপিট করে।
ওই সময় সেখানে উপস্থিত গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মোল্লা ও দপ্তর সম্পাদক আজগার আলী মারপিট ঠেকাতে গেলে কালিগঞ্জগামী বাসের শ্রমিকরা তাদের লাঞ্ছিত করে।
এক পর্যায়ে তারা ইট দিয়ে আঘাত করে সহকারী মিঠুনের দাঁত ভেঙে দেয়। প্রায় দেড় ঘণ্টা সোনাডাঙ্গায় হামলাকারীরা বাঁধন পরিবহন আটক করে রাখে।
এদিকে এ খবর শোনার পর গোপালগঞ্জের মোটর শ্রমিকরা বিকাল ৫টায় গোপালগঞ্জের উপরে দিয়ে চলাচলবারী খুলনার সকল গাড়ি পুলিশ লাইন মোড়ে বন্ধ করে দেয়।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. বুলবুল ইসলাম বলেন, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের উপর দিয়ে খুলনার কোনো গাড়ি চলাচল করতে দেয়া হবে না।
গোপালগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি দ্রুত নিম্পত্তির জন্য খুলনা ও গোপালগঞ্জের প্রশাসন, বাস মালিক ও শ্রমিক পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
