২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রতিবাদ কর্মসূচিতে ২ ফিলিস্তিনি

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলা বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 06:47 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

রোববার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচিতে বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে চট্টগ্রামে অবস্থানকারী দুই ফিলিস্তিনি শিক্ষার্থীও অংশ নেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের প্রভাষক সাঈদ আহসান খালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত ফেইসবুকে একটি পেইজ খুলে তার মাধ্যমে সবাই সংগঠিত হয়ে এ কর্মসূচি পালন করি।”

গত পাঁচ দিন ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে দেড় শতাধিক নিহত হয়েছে, যার প্রায় সবাই নিরীহ মানুষ।   

সমাবেশে বক্তব্য রাখেন চবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম আবু নোমান, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক অ্যালেক্স আলীম, আইনজীবী এসইউএম নুরুল ইসলাম, আরেফিন রিজভী ও হোসাইন মামুন।

সমাবেশ থেকে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবিও জানানো হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের দুই ফিলিস্তিনি শিক্ষার্থী আসমা ও নুর।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা সমাবেশে অংশ নেন।