ভোলায় জেলে ট্রলারে জলদস্যুর হামলা
ভোলার মনপুরায় মেঘনায় জেলেদের দুটি মাছধরা ট্রলারে জলদস্যুর হামলায় ছয়জন আহত হয়েছেন। এছাড়া অস্ত্রের মুখে দুই জেলেকে অপহরণ করেছে দস্যুরা।
রোববার ভোরে মনপুরার ঢালচর এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন নুরন্নবী ও জামশেদ। এদের সবার বাড়ি মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
আহত জেলেরা জানান, প্রতিদিনের মতো মনপুরার জামশেদ মাঝি ও নুরনবী মাঝি ঢালচর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকার করছিলেন। এ সময় জলদস্যুরা জামশেদ মাঝির ট্রলারে অতর্কিতে হামলা চালিয়ে জাল ও মাছ লুটপাট করে। একই স্থানে নুরুন্নবী মাঝির ট্রলারের হামলার চেষ্টা চালানের উদ্যোগ নিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে দস্যুরা জেলেদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এবং তাদের পিটিয়ে ও কুপিয়ে নুরুন্নবী ও জামশেদকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
মনপুরা থানার ওসি মো. হানিফ শিকদার বলেন, “ডাকাতির ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল গেছে। তবে এটা মনপুরা না হাতিয়ার সীমানায় তা বলতে পারছি না।”
