২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসক মুখোমুখি

চিকিৎসায় অবহেলায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়েছেন চিকিৎসকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ‘অবহেলায়’ ছাত্রের মৃত্যুর জন্য দায়ী চিকিৎসককে গ্রেপ্তার এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার দুপুরে নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

একই সময়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও গাজী মেডিকেলে হামলার প্রতিবাদে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

গত ২ জুলাই সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র অমিত রায় নিহত হন।

এ ঘটনায় দুপক্ষ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেছে। ইতিপূর্বে চিকিৎসকরা জেলার সরকারি-বেসরকারি সকল হাসপাতাল ও ক্লিনিকে টানা ধর্মঘট পালন করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মেধাবী ছাত্র অমিত রাযের চিকিৎসায় অবহেলায় মৃত্যুর প্রতিবাদে, এর সুষ্ঠু তদন্ত ও বিচার এবং ছাত্রদের নামে দায়ের করা হয়রানিমূলক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়।

মানবন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসায় চরম অবহেলায় অমিত রায়ের মৃত্যু ঘটে বলে দাবি করেন।

চিকিৎসায় অবহেলার দায়িত্ব এড়াতে এবং সবার দৃষ্টি অন্যদিকে ঘোরাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নামে মিথ্যা মামলা ও অপবাদ দেয়া হয়েছে।

এটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

তাদের দাবি, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দরিদ্র পরিবারের সন্তান বুঝতে পেরে সাড়ে তিন ঘণ্টা অমিতকে বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়।

তারা অমিত রায়ের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সোনাডাঙ্গা থানায় খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, খান জাহান আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সারওয়ার জাহান, বিএ ডিসিপ্লিনের অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, অমিত রায়ের মামা তপন খাঁ এবং শিক্ষার্থীদের মধ্যে পার্থ প্রতিম সাহা।

মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও কয়েকশ পথচারী একাত্মতা প্রকাশ করেন।

মানব বন্ধন শেষে একটি পথ নাটক পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সেখানে অমিতের চিকিৎসায় অবহেলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়।

অপরদিকে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএমএর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম।

তিনি বলেন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কারো দায়িত্ব অবহেলার কারণে যদি ছাত্র অমিত রায়ের মৃত্যু হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে। পাশাপাশি চিকিৎসা কেন্দ্র ভাংচুর ও চিকিৎসককে অপহরণকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওয়াতায় আনতে হবে।

অন্যথায় আগামী ১৬ জুলাই থেকে দুই দিন চিকিৎসকরা টানা ধর্মঘট পালন করবেন বলে জানান তিনি।