‘ভর্তিতে বাড়তি টাকা নিলে ছাড় নয়’
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে নেয়া অতিরিক্ত টাকা আদায়ে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে ভর্তিতে নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ ওঠায় মন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
নাহিদ বলেন, “এবার কেউ অতিরিক্ত অর্থ নিলে তা অবশ্যই আদায় করা হবে। এ বিষয়ে আমরা কোনো ছাড় দেব না।”
শিক্ষামন্ত্রী জানান, যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করছে, তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হবে। তারপরও না মানলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
“শিক্ষা প্রতিষ্ঠান খুলে কেউ ব্যবসা করবে, গায়ের জোরে যা খুশি তাই করবে- তা হতে দেয়া হবে না।”
২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত প্রতিষ্ঠানে পাঁচ হাজার এবং আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাংলা মাধ্যমে ৯ হাজার ও ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা ভর্তি ফি নেয়া যাবে। আর উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠানই তিন হাজার টাকার বেশি নিতে পারবে না।
শিক্ষার্থী ভর্তিতে মন্ত্রণালয়ের নির্দেশনা ভঙ্গকারী প্রতিষ্ঠানের পাঠদানের স্বীকৃতি ও এমপিওভুক্তি বাতিল করার কথাও নীতিমালায় বলা হয়েছে।
২০১০ সালে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ নেয়ায় ভিকারুননিসা-নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল এবং মণিপুর কলেজের অধ্যক্ষদের এমপিও স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
পাশাপাশি ভর্তির সময় নেয়া অতিরিক্ত টাকাও বেশ কয়েকটি কলেজের কাছ থেকে আদায় করা হয়। তবে মণিপুর কলেজ এখনো অতিরিক্ত টাকা ফেরত দেয়নি।
চলতি বছর ২৮ মে থেকে ১২ জুন একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেন শিক্ষার্থীরা। ২২ জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।
গত ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন। আর বিলম্ব ফি দিয়ে আগামী ২২ জুলাই পর্ন্ত ভর্তি হওয়া যাবে।
