২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী আরবান হেলথ অফিসে বিক্ষোভ

ঈদের আগে বকেয়া পাঁচ মাসের বেতন-বোনাস দাবিতে ও কর্মচারী ছাঁটাইয়ের প্রতিবাদে কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী আরবান হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের কর্মচারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার রাজশাহীর কাদিরগঞ্জ (নগর ভবন) ও সপুরা এলাকায় অবস্থিত দুটি অফিসে এ ঘটনা ঘটে।

পরে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গিয়ে বেতন-বোনাস দেয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর তালা খুলে কাজে যোগ দেন কর্মচারীরা।

কর্মচারীদের অভিযোগ, আরবান হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পে চিকিৎসকসহ ১১৬ জন কর্মচারী রয়েছেন। এসব কর্মচারীর সর্বশেষ বেতন দেয়া হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। তারা গত ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না।

এরইমধ্যে আবার তাদের আট জন কর্মচারীকে চাকরিচ্যুত এবং নয় জনকে বদলি করা হয়েছে বলে তারা জানান।

আরবান হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের ব্যবস্থাপক কায়সার পারভেজ আশরাফ বলেন, এ প্রকল্পটি রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে ছিল। গত জুন মাস থেকে এটি প্রাইভেট প্রকল্পের আওতায় দেয়া হয়ে।

রিক নামে তাদের কোম্পানি টেন্ডারের মাধ্যমে প্রকল্পটি পায়। তারা গত কয়েকদিনে কর্মচারীদের কাগজপত্র যাচাইবাছাই ও সাক্ষাতের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। এতে অসম্পূর্ণ কাগজপত্র ও বয়স না থাকার জন্য আট জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আর কর্মচারীদের বেতন-বোনাসের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অলোচনা করা হয়েছে। তারা বেতন ও বোনাস দেয়ার আশ্বাস দিয়েছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী বলেন, খবর পেয়ে রাসিকের কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছিল। কর্মচারীদের বেতন-বোনাস দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা অফিস খুলে কাজে যোগ দেন।

দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।