গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার বেলা সোয়া ১১টার দিকে ‘আগ্রাসন বিরোধী তরুণ ছাত্র সমাজ’ এর ব্যানারে এই মানববন্ধনের আগে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে একটি মৌন মিছিল বের করেন তারা।
পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন হায়দার চৌধুরী ও নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক বখতিয়ার আহমেদসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারুক ইমন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা, বাংলা বিভাগের শিক্ষার্থী তাসনুভা তাহরিন অন্তরা, ইংরেজি বিভাগের রাকিব সোহান প্রমুখ।
বক্তারা বলেন, গত কয়েক দশক ধরে গাজায় নির্বিচারে মানব নিধন চলছে। আর গত পাঁচ দিন ধরে ইসরায়েলি সরকার ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে তাতে বিশ্ব মানবতা থমকে দাঁড়িয়েছে। গাজায় সুস্পষ্ট মানবাধিকার লংঘন হলেও সাম্রাজ্যবাদী গোষ্ঠির বিরুদ্ধে কেউ কথা বলছে না।
এ আগ্রাসন প্রতিহত করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এর আগে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কর্মীরা।
