শ্রীমঙ্গলে নিখোঁজের পাঁচদিন পর শিশুর লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের পাঁচদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) শ্রমিক কলোনির একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটির পরিবারের উদ্ধৃতি দিয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৮ জুলাই বিকালে নিজ বাসার সামনে খেলছিল রুহান। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি।
সকালে রুহানের দাদার ঘরের পেছনে একটি টয়লেটের সামনের নালায় তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
