২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচিত মুখ খুঁজছে শিশুটি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় মা হারানো শিশুটির পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি এখনো।  

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 03:30 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

দুই পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালে বেডে হতভাগ্য শিশুটির সময় কাটছে কখনও ঘুমে, কখনও কান্নায়। আরজিনা নামের এক নারী এখন মাতৃস্নেহে এই মেয়ে শিশুর দেখাশোনা করছেন। 

গত ৫ জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান দুই বছর বয়সী শিশুটির মা। দুই পা ভেঙে যাওয়ায় শিশুটির ঠাঁই হয় হাসপাতালে।

এরপর থেকে পুলিশ প্রশাসনের চেষ্টার পাশাপাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ  বিভিন্ন গণমাধ্যমে শিশুটিকে প্রতিবেদন প্রকাশ হয়েছে। কিন্তু মেলেনি কোনো স্বজনের খোঁজ।    

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিচয়বিহীন শিশুটিকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন প্রতিদিন। অনেকেই শিশুটিকে লালন-পালন করার আগ্রহ প্রকাশ করেছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক, বগুড়ার এক সাংবাদিকসহ অনেকেই শিশুটিকে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আইনি জটিলতার কারণে কেউই শিশুটিকে নিতে পারেননি।

এ হাসপাতালের উপাধ্যক্ষ ও অর্থপেডিক সার্জন রেজাউল আলম জুয়েল জানান, মেয়েটির উরুর হাড় ভেঙে গেছে। শিশুটি ভাল হয়ে উঠতে আরো অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।  

তিনি বলেন, “এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে তার চিকিৎসাসহ সার্বিক দায়িত্ব নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু শিশুটিকে লালন-পালনের ভার নিতে গেলে আইনের দারস্থ হতে হবে।”

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন বলেন, “মেয়ে শিশুটিকে নিতে চেয়েছিলাম। কিন্তু আইনি জটিলতা থাকায় নিতে পারিনি।”

গোবিন্দগঞ্জের ফুলবাড়ি (কাটাখালি ব্রিজ সংলগ্ন) হাওয়াখানা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ দিয়ে মেয়েকে কোলে করে হেঁটে যাওয়ার সময় নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় মারা যান তার মা।

পুলিশ নিহত নারীর পরিচয় পেতে ব্যর্থ হয়ে দুই দিন পর লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করে।