২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

পাবনার ফরিদপুর উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 02:43 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

নিহত সজীব হোসেন (১৬) উপজেলার রতনপুর গ্রামের আফাজ আলীর ছেলে। সে স্থানীয় ডেমরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে সজীবের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শনিবার সন্ধ্যায় খেলা দেখার কথা বলে কয়েকজন যুবক সজীবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি।

সকালে স্থানীয় লোকজন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়ার পর পরিবারের সদস্যরা সজীবকে সনাক্ত করেন।

পরে ময়নাতদন্তের জন্যে লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে ওসি সাইফুল ইসলাম জানান।

তিনি বলেন, পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করতে অনুসন্ধান শুরু করেছে।