২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইউপি সদস্যকে তুলে নিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক ইউপি সদস্যকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার একদিন পর পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 12:57 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

নিহত নুরুল আলম আলকরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ডেকরা গ্রামের সামছুল আলমের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, রোববার সকাল ৯টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর সেতুর নিচে তার লাশ পাওয়া যায়।

নুরুলের স্ত্রী হোসনে আরা বেগম জানান, শনিবার ভোরে বাড়ির সামনে থেকে একদল মুখোশধারী মাইক্রোবাসে করে এসে নুরুল আলমকে তুলে নিয়ে যায়।

চৌদ্দগ্রামের ওসি বলেন, “নুরুল আলমের পরিবার অপহরণের অভিযোগ করার পর শনিবার দিনে ও রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। রোববার সকালে লক্ষীপুর ব্রিজের নিচে তার লাশ পাওয়া যায়। নুরুলের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নুরুল আলম এক সময় জামায়াতে ইসলামীর রাজনীতি করলেও ২০০৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। তার বিরুদ্ধে স্থানীয় জামায়াত নেতা আলাউদ্দিন হত্যা এবং ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি।