চিকিৎসা বন্ধ রেখে ডাক্তারদের নির্বাচনী সভা
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা বন্ধ রেখে সিভিল সার্জনের সঙ্গে নির্বাচনী সভা করেছেন ডাক্তাররা।
রোগীদের অভিযোগ, এ কারণে শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান বন্ধ ছিল। ফলে বহির্বিভাগের রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলার মির্জানগর গ্রামের সাবেক ইউপি সদস্য আলিমুদ্দিন ও বরণডালি গ্রামের মৌসুমী জানান, সকাল ৯টা থেকে টিকিট নিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করেছেন তারা। ১২টা পর্যন্ত অপেক্ষা করে চিকিসকের দেখা পেয়েছেন।
সরেজমিন দেখা যায়, সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত চিকিৎসা নেয়ার জন্য বহির্বিভাগে ১৬০ জন রোগী টিকিট কেটে অপেক্ষা করছেন।
চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগামী ৩ অগাস্ট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন।
এ উপলক্ষে যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ শেখের দপ্তরে সকল চিকিৎসকদের নিয়ে নির্বাচনী সভা করেছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ শেখ জানান, “সিভিল সার্জন সভা করার কারণে চিকিৎসা দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে চিকিৎসা না পেয়ে ফিরে গেছে তা আমার জানা নেই।”
সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিভিল সার্জন হিসেবে যেকোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সঙ্গে সভা করার সুযোগ আমার রয়েছে।
“আগামী ৩ অগাস্ট বিএমএ নির্বাচন নিয়ে কেশবপুর হাসপাতালে এক ঘণ্টা বৈঠক করেছি, যার কারণে চিকিৎসা দিতে কিছুটা বিলম্ব হয়েছে।”
