বাংলাদেশের অভ্যন্তরে পিলার, পরে অপসারণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বৃহস্পতিবার রাতে নির্মিত একটি সীমানা পিলার বিজিবির প্রতিবাদের মুখে একদিন পর অপসারণ করা হয়েছে।
রাজশাহী ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে সীমানা পিলারটি অপসারণ করা হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারতীয়রা বাংলাদেশ সীমান্তের এপারে অবৈধভাবে প্রবেশ করে কৃষকদের জমির ফসলও কেটে নিয়ে গেছে। এ ঘটনায় বিজিবির প্রতিবাদের মুখে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।
বিএসএফ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ারও আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে রাজশাহী বিজিবি।
মেজর এইচ কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের বকচর বিওপির টহল দল দেখতে পায় শূন্য লাইনের (নোম্যানস ল্যান্ড) ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কংক্রিটের সীমারা পিলার নির্মাণ করা হয়েছে।
বিষয়টি সঙ্গে সঙ্গে বিএসএফ রামনগর ক্যাম্পের কমান্ডারকে অবহিত করে প্রতিবাদ জানানো হয়।
ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সরেজমিন পরিদর্শনও করা হয় বলে জানান তিনি।
কামরুল হাসান আরো বলেন, শনিবার দুপুরে বিএসএফ ভারতের রামনগর ক্যাম্পের অধিনায়ক ও সহকারী কমান্ড্যান্ট শ্রী রিতেশ এর উপস্থিতিতে ওই সীমানা পিলারটি অপসারণ করা হয়েছে।
“বাংলাদেশের ভূখণ্ড অবৈধভাবে ভোগ দখল করার লক্ষ্যে স্থানীয় ভারতীয় নাগরিকরা গোপনে এ সীমানা পিলারটি নির্মাণ করেছিল।”
কামরুল হাসান জানান, শুক্রবার বিকেলে বিজিবি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোস্ট থেকে এক কিলোমিটার অভ্যন্তরে (পিলার ৩৪/৪-এস) সুতারমুখ এলাকায় বাংলাদেশি কৃষক আব্দুস সালামের ১৫ শতাংশ জমির তিল তুলে নিয়ে যায় ভারতীয়রা।
তিনি বলেন, এ বিষয়ে জমির মালিক চাঁপাইনবাবগঞ্জের বকচর গ্রামের আব্দুস সালাম সংশ্লিষ্ট বিওপিতে অভিযোগ করেন।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে রামনগর বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
এতে বিএসএফ সাড়া দিলে শনিবার বকচর পোস্ট কমান্ডার এবং রামনগর বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিএসএফ বাংলাদেশি কৃষকের জমির তিল কেটে নেয়ার ব্যাপারে দুঃখ প্রকাশ করে এবং একইসঙ্গে তিল ফেরত দেয়ার প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দেয়, বলেন কামরুল।
