সাভারে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
বেতন-ভাতার দাবিতে সাভারে পাঁচটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার এলাকার আইচা নোয়াদ্দা এলাকায় সাভার টেক্সটাইল, সুরমা গার্মেন্টস, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের ব্যাক্সটার ব্রেনটন (বিডি) লিমিটেড, বেরন এলাকার ইয়াগী বাংলাদেশ লিমিটেড ও জিরানীর পানিশাইল এলাকায় ‘সাচ্ছন কোম্পানী (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করে।
এরমধ্যে দুটি কারখানায় সংঘর্ষের ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।
শিল্প পুলিশের সাভার জোনের পরিদর্শক মির্জা সাইজুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইচা নোয়াদ্দা এলাকায় সাভার টেক্সটাইল ও সুরমা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা জুন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকে। এরই মধ্যে কারখানার শ্রমিক মাহফুজ, আলাউদ্দিন ও লোকমানকে মালিক পক্ষের লোকজন মারধর করে।
পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শাখা বিরুলিয়া সড়কে অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্যকরে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে ও রাবার বুলেট ছোড়ে।
এ কারখানার শ্রমিকদের চলে যেতে দেখে তাদেরই আরেকটি প্রতিষ্ঠান সাভার টেক্সটাইলের শ্রমিকরাও বেরিয়ে গেলে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও তিনি জানান।
পুলিশ কর্মকর্তা সাইজুদ্দিন আরো বলেন, একই দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের ব্যাক্সটার ব্রেনটন (বিডি) লিমিটেড পোশাক কারখানা ও বেরন এলাকার ইয়াগী বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন করেছে।
এদিকে জিরানীর পানিশাইল এলাকায় ‘সাচ্ছন কোম্পানী (বিডি) লিমিটেড’ কারখানায় মালিক পক্ষের লোকজনের হামলায় কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ কারখানার আহত শ্রমিক রঞ্জিত, মানিক, শাহীন, আইনুল, আইয়ুবসহ অভিযোগ করেন, পিস রেট কম দেয়ার প্রতিবাদে গত মঙ্গলবার কারখানাটির কয়েশ শ্রমিক আন্দোলন করলে কর্তৃপক্ষ কারখানাটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে।
তারা জানান, শনিবার সকালে কারখানা খুলে দিলে শ্রমিকরা ভেতরে প্রবেশের সময় ওই আন্দোলনে নেতৃত্বদানকারী শ্রমিকদের আটকে রাখে। পরে মালিক পক্ষের সন্ত্রাসী সুরুজের নেতৃত্ব লোকজন ওই সকল শ্রমিকদের উপর হামলা চালিয়ে আহত করে।
তবে এ ঘটনার পরও কারখানাটি চালু রয়েছে।
সাচ্ছন কোম্পানী (বিডি) লিমিটেডে শ্রমিকদের উপর হামলা ও মারধরের প্রতিবাদে সকাল পৌনে ১০টার দিকে আহত শ্রমিকদের নিয়ে ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকা বিক্ষোভ মিছিল করেছে গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা।
সংগঠনটির সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান এবং কারখানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
