চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড় এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত সমীর দাশ (৪৮) কুমিল্লার হোমনা এলাকার সুরেশ দাশের ছেলে। তিনি লালদীঘি পাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
সমীর নগরীর হাজারী গলি এলাকায় স্বর্ণালঙ্কার তৈরি ও মেরামতের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার এসআই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসার ডাইনিং রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো সমীরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি।”
এসআই নজরুল বলেন, নিহতের বেশ কিছু টাকা ঋণ ছিল। এ নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন।
আত্মহত্যা কি না তা নিশ্চিত হতে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
