জার্মানির সেই পতাকা নিয়ে স্টেডিয়ামে আমজাদ
জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দীর্ঘ পতাকা প্রদর্শনে কৃষক আমজাদ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ঘোড়ামারা থেকে মাগুরা জেলা স্টেডিয়ামে গেছেন।
জমি বিক্রি করা টাকা দিয়ে তৈরি জার্মানির সাড়ে তিন হাজার গজের দীর্ঘ পতাকা দেখতেই দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মাগুরা আসছেন।
জার্মান ফুটবল দলের ভক্ত আমজাদের নিজ খরচে বানানো সুবিশাল ওই পতাকা শনিবার দুপুরে জার্মান কূটনীতিকের উপস্থিতিতে জেলা স্টেডিয়ামে প্রদর্শন করা হবে।
বিশ্বকাপ শুরুর আগে নিজের জমি বিক্রি করে দেড় লাখেরও বেশি টাকা খরচ করে জার্মানির পতাকা বানান কৃষক আমজাদ হোসেন।
এ নিয়ে গত ১২ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ দেশের বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে জার্মান দূতাবাসের।
আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি আগে থেকেই জার্মান ফুটবল দলের খেলা পছন্দ করেন।
তবে জার্মান অনুরাগের মূল ব্যাখ্যায় তিনি বলেছেন, ১৯৮৭ সালে দুরারোগ্য এক অসুখে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন পথ্য ব্যবহার করেও তিনি কোনো সুফল পাননি। অবশেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনে সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই জার্মানির প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি।
