২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই পতাকা দেখতে মাগুরা যাচ্ছেন জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

বিশ্বকাপ ফুটবলে জার্মানির সমর্থক আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানাতে মাগুরা যাচ্ছেন বাংলাদেশে জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 01:57 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের এই কৃষক বিশ্বকাপ শুরুর সময় জার্মান দলের সমর্থনে জমি বিক্রি করে সাড়ে তিন হাজার গজের এক বিশাল পতাকা বানিয়েছেন।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক জানান, আমজাদকে শুভেচ্ছা জানাতে শনিবার জার্মান দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ফন ভেইহের মাগুরা সফরের বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, “ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমজাদের বানানো সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকাটি দেখবেন।”

জার্মান ফুটবল দলের ভক্ত আমজাদের নিজ খরচে বানানো সুবিশাল ওই পতাকা শনিবার জার্মান কূটনীতিকের উপস্থিতিতে জেলা স্টেডিয়ামে প্রদর্শন করা হবে।

বিশ্বকাপ শুরুর আগে নিজের জমি বিক্রি করে আড়াই লাখেরও বেশি টাকা খরচ করে জার্মানির পতাকা বানান কৃষক আমজাদ হোসেন।

এ নিয়ে গত ১২ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ দেশের বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে জার্মান দূতাবাসের।

আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি আগে থেকেই জার্মান ফুটবল দলের খেলা পছন্দ করেন।

তবে তার জার্মানির প্রতি এই অনুরাগের মূল ব্যাখ্যায় বলেছেন, ১৯৮৭ সালে দুরারোগ্য এক অসুখে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন পথ্য ব্যবহার করেও তিনি কোনো সুফল পাননি। অবশেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনে সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই জার্মানির প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি।

পুরনো খবর:

প্রিয় দলের পতাকা বানাতে জমি বিক্রি