ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘চরমপন্থি’ নিহত
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হৃষখালী আমবাগান ও কোটচাঁদপুর উপজেলার দোড়া গ্রামের মাঠে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়েছেন।
তারা হলেন- কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মাহতাব আলির ছেলে হযরত আলী (৩৫) ও একই উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসলাম আলীর ছেলে আব্দুর রশিদ (৩০)।
তারা দুই জনই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধার) সক্রিয় সদস্য বলে পুলিশের দাবি।
দুটি ঘটনায় এক এসআই ও তিন পুলিশ কনস্টেবল সামান্য আহত হয়েছেন।
ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে হরিণাকুন্ডু থানার এসআই ফারুক হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। তারা হৃষখালী আমবাগান এলাকায় পৌঁছালে চরমপন্থিরা পুলিশের উপর হাতবোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ১০/১২ মিনিট বন্দুকযুদ্ধ চলে। এরপর চরমপন্থিরা পালিয়ে যায়।
“পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ, একটি এলজি, দুই রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমা উদ্ধার করে।”
এ সময় কনস্টেবল শরিফুল ইসলাম ও শফিক আহমেদ আহত হন বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এছাড়া কোটচাঁদপুর থানার ওসি ফজলুল রহমান জানান, উপজেলার দোড়া গ্রামের মাঠে একদল চরমপন্থি গোপন বেঠক করছে- এমন খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।
“এ সময় চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। ১৫ মিনিটের বন্দুকযুদ্ধ শেষে পুলিশ সেখান থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধে আহত দুই পুলিশ সদস্য হলেন- এসআই নাজমূল হাসান ও কনস্টেবল ফিরোজ আহমেদ। পুলিশ জানিয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বন্দুকযুদ্ধে আট রাউন্ড রাইফেল ও ৫ রাউন্ড শটগানের গুলি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন ওসি ফজলুল।
