নিউ ইয়র্কে পরিচয়পত্র পাচ্ছেন অবৈধরাও
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সব বাসিন্দাকে পরিচয়পত্র দেয়ার উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ, যার মধ্য দিয়ে নাগরিক সেবা পাওয়ার দ্বার খুলছে সেখানকার অবৈধ অভিবাসীদেরও।
অধিবাসীদের পরিচয়পত্র দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার একটি আইনে সই করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাজিয়ো।
আইন অনুযায়ী, শহরের বাসিন্দারা আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছর কোনো ফি ছাড়াই সরাসরি বা অনলাইনের মাধ্যমে মিউনিসিপ্যাল আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
এই পরিচয়পত্র পেলে ৫০ হাজারের বেশি বাংলাদেশিসহ বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীরা ব্যাংক হিসাব খোলা ও সম্পদ ইজারা নেয়ার সুযোগ পাবেন।
এছাড়া পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে বা বিশেষ কোনো ইস্যুতে দেন-দরবারেও তাদের আর প্রশ্নের মুখে পড়তে হবে না।
আইনে স্বাক্ষরের আগে মেয়র বিল দে ব্লাজিয়ো বলেন, “নিউ ইয়র্ক হচ্ছে অভিবাসীদের শহর। এ শহরে কঠোর পরিশ্রমী অভিবাসীরা নিগৃহীত হবেন- তা হতে পারে না।
“অভিবাসীরাই এ শহর গড়েছেন, তাই তাদের সব কর্মকাণ্ডে সম্পৃক্ত করেই নিউ ইয়র্কের ঐতিহ্য সমুন্নত রাখতে হবে।”
যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য অনুযায়ী, নিউ ইয়র্কের ৮৪ লাখ বাসিন্দার এক তৃতীয়াংশই অন্য দেশে জন্মেছেন।
শহরটিতে প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী আছেন বলে জানা মেয়র ব্লাজিয়ো।
শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পেতে এই পরিচয়পত্র ব্যবহার করা যাবে বলে অভিবাসন বিষয়ক কমিশনার নিশা আগরওয়াল জানিয়েছেন।
এজন্য পরিচয়পত্রে ফেডারেল ব্যাংকিংয়ের বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় সনাক্তকরণ মান নিশ্চিত করতে চায় সিটি কাউন্সিল।
সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক-ভিভেরিটো বলেন, “এটি একটি ঐতিহাসিক ঘটনা। যুক্তরাষ্ট্র কংগ্রেস যেখানে অভিবাসন সমস্যার সমাধানে নিশ্চুপ, সেখানে নিউ ইয়র্কের রাজনীতিকরা সঠিক একটি পদক্ষেপ নিলেন।”
সিটি কাউন্সিলে এই বিলের উদ্যোক্তা কাউন্সিলর কার্লোস মেনচেচা ও ডেনিয়েল ড্রোম।
তারা জানান, এই আইনের ফলে শহরে বসবাসকারী সবাই সমান অধিকার পাবেন। অবৈধ অভিবাসীরা এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাড়ি ভাড়ার চুক্তিতেও স্বাক্ষর করতে পারবেন।
এছাড়া অভিবাসীদের মধ্যে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের সম্পর্কে পুলিশকে সহায়তা করতেও তারা ভয় পাবেন না। কারণ, কোনো কর্তৃপক্ষই এখন তাদের অভিবাসী মর্যাদা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।
আইনে বলা হয়েছে, কাগজপত্রহীন অভিবাসীদের কোনো তথ্য কেন্দ্রীয় প্রশাসনকে দেয়া হবে না। তবে আদালতের নোটিশ পেলে তথ্য সরবরাহ করা হবে।
বাংলাদেশি-আমেরিকান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, অ্যালায়েন্স ফর সাউথ এশিয়ান আমেরিকান লেবারের জাতীয় মহিলা বিষয়ক চেয়ারওম্যান মাজেদা এ উদ্দিন, ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী, চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আজম ও ইয়েলো ট্যাক্সি চালকদের অধিকার নিয়ে কর্মরত ওসমান চৌধুরী ‘মিউনিসিপ্যাল আইডি’ আইনকে স্বাগত জানিয়েছেন।
অভিবাসন সমস্যার স্থায়ী সমাধানে শিগগিরই যুক্তরাষ্ট্র কংগ্রেস ‘মানবিক’ একটি বিল পাশ করবে অথবা প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাহী আদেশ দেবেন বলেও আশা প্রকাশ করেন তারা।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় এক কোটি ১২ লাখের বেশি কাগজপত্রহীন অভিবাসীকে শর্তসাপেক্ষে গ্রিনকার্ড দেয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানে এখনো সাড়া দেয়নি কংগ্রেসের নিম্নকক্ষ তথা রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদ।
গত বছরের জুন মাসের শেষ দিকে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সিনেটে ‘কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম’ বিল পাশ হয়। বিলটির পরিপূরক একটি বিল প্রতিনিধি পরিষদে পাশ না হওয়ায় তা কার্যকার হচ্ছে না।
চলতি গ্রীষ্মের মধ্যে (অগাস্টের মধ্যে) কংগ্রেস ‘কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম’ বিল পাশ না করলে তিনি নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগে বাধ্য হবেন বলে এরইমধ্যে প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দিয়েছেন।
