২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের তৎপরতায় রক্ষা পেল পোশাক কারখানা

আশুলিয়ার একটি পোশাক কারখানায় আগুন লাগার পর শ্রমিকরা দ্রুত তা নিভিয়ে ফেলায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 04:35 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

শুক্রবার দুপুর ২টার দিকে জিরাব এলাকার অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেডে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের স্ফূলিঙ্গ পড়ে কাপড়ে আগুন ধরে যায়।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, নয় তলা কারখানা ভবনের অষ্টম তলায় ফিনিশিং শাখায় আগুন লাগার পর অগ্নিনির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই শ্রমিকরা তা নিভিয়ে ফেলেন।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার কারখানাটি বন্ধ থাকলেও ফিনিশিং শাখা খোলা ছিল। আগুন লাগার পরপরই ওই শাখায় কর্মীরা কারখানা ছেড়ে যান।