তুচ্ছ ঘটনায় কুপিয়ে খুন
বাড়ির আঙ্গিনায় ময়লা ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে পিরোজপুর সদরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন তার দুই স্বজন।
শংকরপাশা ইউনিয়নের লাহুরী-ঝনঝনিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. কালাম শরীফ (৪৭) লাহুরী গ্রামের ময়জুদ্দিন শরীফের ছেলে।
আহতরা হলেন কালামের ভাগ্নে মো. মামুনকে এবং ভাতিজা মো. নাসির। তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের করা মামলায় চার জনকে আটক করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি আ. রাজ্জাক মোল্লা জানান, কালাম শরীফের সঙ্গে প্রতিবেশী এজাজ শরীফদের সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল।
বৃহস্পতিবার কালামের বোন মাজেদা বেগমের বাড়িতে প্রতিপক্ষের লোকজন শৌচাগারের ময়লা ফেলে।
রাতেই কালাম শরীফ ঘটনার বিষয় জানতে বোনের বাড়ি যান। ফেরার পথে প্রতিপক্ষের আক্কাস শরীফ ও এজাজ শরীফের সঙ্গে দেখা হলে ঘটনার বিষয় জানতে চান।
এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শরীফ ও এজাজসহ আরো দুজন প্রথমে লাঠিপেটা এবং পরে দায়ের কোপে কালাম শরীফের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
তার চিৎকারে কালামের ভাগ্নে মামুন ও ভাইয়ের ছেলে নাছির ঘটনাস্থলে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়।
ঘটনার পরপরই আহতদের সদর হাসপাতালে আনা হলে কালাম শরীফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, খুনের ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ বাদী হয়ে শুক্রবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ মামলার চার আসামি এজাজের স্ত্রী লিমা আক্তার, তার আত্মীয় হ্যাপি বেগম, মনোয়ারা বেগম ও নয়ন শরীফকে আটক করা হয়েছে।
শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক জানান, নিহত কালাম শরীফ পেশায় একজন শ্রমজীবী। তাদের সাথে এজাজদের বিরোধ দীর্ঘদিনের।
