২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়ালের কোপে একসঙ্গে ২ স্ত্রী খুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই স্ত্রীকে একসঙ্গে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 12:26 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

নিহতরা হলেন- মমেনা বেগম (৪০) ও মকছুদা বেগম (৩৫)। তারা  উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী গাছুয়াপাড়া গ্রামের ইলিয়াস আলীর (৫৫) স্ত্রী।

মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে এই হত্যাকাণ্ডের ঘটনায় ইলিয়াসকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ময়নাতদন্তের জন্য রাতেই লাশ থানায় এনে রাখা হয়েছে। ওই পরিবারের বড় ছেলে রওশন আলী ঢাকায় গার্মেন্ট কারখানায় কাজ করে। সে আসার পর মামলা করবে।”

খোড়াগাছ ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘুমন্ত দ্বিতীয় স্ত্রী মকছুদাকে কুড়াল দিয়ে কোপাতে থাকে ইলিয়াস।

“মকছুদার চিৎকারে প্রথম স্ত্রী মমেনা এগিয়ে এলে ইলিয়াস তাকেও কোপায় । এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

প্রতিবেশী ছাইয়াদুল ইসলাম জানান, ইলিয়াস প্রতিদিন এক বস্তা চাল কিনে তা হাটে নিয়ে খুচরা বিক্রি করে সংসার চালাতেন। প্রথম স্ত্রীর তিন ও দ্বিতীয় স্ত্রীর দুই সন্তানসহ আটজনের অভাবের সংসারে প্রায় প্রতিদিনই ঝগড়া লেগে থাকতো।  

বৃহস্পতিবার সন্ধ্যায়ও স্বামীর সঙ্গে দুই স্ত্রীর ঝগড়া হয় বলে ছাইয়াদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।