২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে পুলিশের থেমে থাকা টহল ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 10:16 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

নিহত প্রাইভেটকারের আরোহী মোজতাম শির আশরাফ (২৮) উত্তরা এলাকায় থাকতেন।

তেজগাঁও থানার ওসি মো. মাযহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও শাহীন কলেজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জান্নাতি হোসেনকে (২২) তাৎক্ষণিক আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন হাসপাতাল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী।

তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকার বাসিন্দা ও নিহত আশরাফের বন্ধু। গাড়িটি জান্নাতি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আহত পুলিশ সদস্য আবদুল হোসেন এবং আনসার সদস্য রাজ্জাক ও ফোরকান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি মো. মাযহারুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও শাহীন কলেজের মাঝামাঝি স্থানে পুলিশ গাড়ি থামিয়ে টহল দিচ্ছিল।

এ সময় কালো রঙের একটি প্রাইভেটকার দ্রুতবেগে এসে পুলিশ ভ্যানকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক আশরাফ ও জান্নাতিকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার এসআই রজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত আশরাফ জান্নাতির ব্যবসায়ীক অংশীদার ছিলেন বলে তারা জানতে পেরেছেন।

এ ঘটনায় পুলিশের এসআই নিজামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন।