মোহাম্মদপুরে ছাত্রলীগ নেতার শ্বশুর বাড়িতে বিহারীদের হামলা
রাজধানীর মোহাম্মদপুর জেনেভাক্যাম্পে ‘তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে একদল বিহারী সাবেক এক ছাত্রলীগ নেতার শ্যালককে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সৌরভ (২৮) ধানমন্ডিতে সিদ্দিকী টেলিকমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মুজিবরের শ্যালক।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল বিহারী যুবক জেনেভা ক্যাম্প সংলগ্ন শাহজাহান রোডে সৌরভদের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে মুজিবর জানান।
এ ঘটনার পর জেনেভা ক্যাম্পের আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মতিন জানিয়েছেন।
সাবেক ছাত্রলীগ নেতা মুজিবর বলেন, “রাত সাড়ে ৮টার দিকে আমার ছোট শালা সাফা আমার জাপান গার্ডেন সিটির বাসা থেকে ইফতারি করে শাহজাহান রোডে তাদের বাসায় ফিরছিল।
“এসময় জেনেভা ক্যাম্পের সামনে মাসুদ নামের একজন বিহারী গাড়িচালক পানি ছিটিয়ে গাড়ির ময়লা পরিষ্কার করছিল। গাড়ি ধোয়ার পানি সাফার শরীরে লাগলে সে প্রতিবাদ করে। এতে মাসুদসহ কয়েকজন তাকে চড়-থাপ্পড় মারে।”
এ ঘটনা শুনে বিষয়টি মীমাংসার তিনি জেনেভা ক্যাম্পে যান জানিয়ে মুজিবর বলেন, “আমি ক্যাম্পের নেতাদের সঙ্গে কথা বলি। তার কিছুক্ষণের মধ্যেই আমার শ্বশুর বাড়িতে ৩০/৪০ জন তরুণ ইটপাটকেল নিক্ষেপ করে আমার নাম নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে।এরপর সৌরভকে বাসা থেকে টেনে-হিঁচড়ে বের করে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপায়।”
সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান শেখ গোলাম জিলানী বলেন, “বিএনপিপন্থী কিছু বিহারী সাবেক ছাত্রলীগ নেতার শ্বশুর বাড়িতে হামলা করে তার শ্যালককে কুপিয়েছে। এমন কাজ সমর্থন করা যায় না।এটি নিয়ে ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে মেসবাহ উদ্দিন মুজিবরের সমঝোতার চেষ্টা চলছে।”
