২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাহ না দাফন, সমাধান দিতে পারেনি আদালত

রাজধানীর ফার্মগেইটের ক্যাপিটেল সুপার মার্কেটের মালিক মৃত রনজিত নন্দী ওরফে খোকন নন্দীকে (৭২) দাহ না দাফন করা হবে সেই বিতর্কের সমাধান করতে পারেনি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 11:24 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের বিচারক মো. নূরু মিয়া এক আদেশে বলেন, এই অধিকার নিষ্পত্তির ক্ষমতা তার নেই।

বিষয়টি নিষ্পত্তির জন্য বিবদমান দুই পক্ষকে দেওয়ানী আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে খিলগাঁওয়ের একটি বেসরকারি কলেজের শিক্ষক চন্দন কুমার চক্রবর্তীর লাশ নিয়ে একই ধরনের সমস্যা দেখা দিলে বিষয়টির সুরাহা করতে না পেরে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের লাশটি ব্যবহার করার অনুমতি দেয় আদালত।

ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে থাকা মৃত রনজিত নন্দী ওরফে খোকন নন্দীকে দাহ করা হবে না কি দাফন করা হবে সেই লড়াইয়ে নেমেছেন কথিত তার দুই স্ত্রী।

এদের একজন মীরা নন্দীর দাবি, তিনিই মৃতের একমাত্র স্ত্রী। গত ৫২ বছর ধরে তিনি তার সঙ্গে সংসার করেছেন।

এদিন তিনি তার বিবাহিতা কন্যা চন্দনা নন্দী ও ছেলে বাবলু নন্দীকে নিয়ে আদালতে আসেন।

অসুস্থ রনজিত নন্দীকে মীরা নন্দীই বারডেমে ভর্তি করেন। হাসপাতালে তার সেবা- শুশ্রুষাও করেছেন তিনি। হাসপাতালের যাবতীয় বিল তিনিই পরিশোধ করেছেন।

কিন্তু গত ২৬ জুন  রনজিত নন্দী/রাজীব চৌধুরীর মৃত্যুর পর থেকে বিপত্তির শুরু হয়। ওই দিন মৃত ব্যক্তিকে নিজের স্বামী দাবি করেন ঢাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক হাবিবা আক্তার খানম বাবলি। ৩০ বছর আগে রনজিত হিন্দু ধর্মত্যাগ করে রাজীব চৌধুরী নাম নিয়ে ইসলাম ধর্মমতে তাকে বিয়ে করেন বলে দাবি তার।

এরপর লাশ নিয়ে টানাটানি শুরু হয়ে যায় দুইপক্ষের। ঝামেলা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে।

ওই জিডির প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য গত ২ জুলাই আদালতে অনুমতি প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।

গত ৪ জুলাই মীরা নন্দী আদালতে বলেন, তার স্বামীর পুরো নাম রণজিৎ নন্দী ওরফে খোকন নন্দী। মৃত্যুর আগ পর্যন্ত তারা একসঙ্গে মোহাম্মদপুরের ১৫ নম্বর রায়েরবাজার এলাকায় বসবাস করতেন। ১৫ জুন অসুস্থ হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

আদালতে দেয়া মীরার কাজগপত্রে দেখা যায়, জাতীয় পরিচয়পত্রে মৃত ব্যক্তির নাম ‘খোকন নন্দী’ হিসাবে উল্লেখ রয়েছে। ২০১২ সালের ৬ অগাস্ট একটি বায়না দলিলেও মৃত ব্যক্তি নিজে রণজিৎ নন্দী ওরফে খোকন নন্দী হিসেবে স্বাক্ষর করেছেন।

বারডেম হাসপাতালে ভর্তি ও তার চিকিৎসার কাগজপেত্রেও তার নাম খোকন নন্দী উল্লেখ করা হয়েছে।

মীরার দাবি, তার স্বামী হিন্দু। তিনি কখনোই হিন্দু ধর্ম ত্যাগ করেননি বা মুসলমান হননি। বায়ান্ন বছর তার সঙ্গে সংসার করেছেন। সনাতন হিন্দু মতেই জীবনযাপন করতেন তিনি।

“হিন্দু মতে আমি তার লাশ সৎকার করবো।”

হঠাৎ মৃতের স্ত্রী দাবি নিয়ে আসা হাবিবা আক্তার খানম বাবলি আদালতে বলেন, মৃত ব্যক্তির পুরো নাম খোকা চৌধুরী ওরফে রাজীব চৌধুরী। ১৯৮০ সালের ২ এপ্রিল ঢাকার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের কাছে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর থেকে ইসলাম ধর্মের যাবতীয় নিয়ম-কানুন তিনি অনুসরণ করতেন।

বাবলির দাবি অনুযায়ী, ১৯৮৪ সালের ১৫ জুলাই তাদের বিবাহ হয়। বিগত ১৮ বছর যাবত মুসলিম স্বামী-স্ত্রী হিসেবে তারা রাজধানীর ৩৩১ উত্তর শাহজাহানপুরের বাসায় বসবাস করে আসছিলেন।

“আমার স্বামী মুসলমান। আমি তাকে দাফন করবো,” বলেন তিনি।

বাবলির আইনজীবী আবু বকর সিদ্দিক আদালতে বলেন, “সে হিসাবে উনার লাশ বাবলিই পাবেন। বাবলি তাকে কবর দেবেন। ত্রিশ বছর আগে মুসলিম ধর্ম গ্রহণ করেই ইসলাম ধর্মমতে বাবলিকে বিয়ে করেন রাজীব চৌধুরী।”

নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ১৫ জুন খোকন/রাজীব অসুস্থ হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৬ জুন সকালে মারা যান তিনি।

এদিকে আদালতে দাখিল করা প্রতিবেদনে মৃত ব্যক্তিকে একজন মুসলমান হিসাবে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

পুরনো খবর:

দাহ না কবর, লাশ নিয়ে ‘লড়াই’