নারায়ণগঞ্জে ‘মাদক ব্যবসায়ীদের’ হাতে যুবক খুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাংলা বাজার এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মাদক ব্যবসা ও পুর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার দুপুরে এলাকার কোয়ালিটি ডাইংয়ের সামনে মো. রিপন (৩০) নিহত হন বলে বলে এলাকাবাসী জানিয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ রিপনকে বাসা হতে ডেকে নিয়ে এলাকার মাদক ব্যবসায়ীরা কুপিয়ে হত্যা করেছে।
নিহত রিপন কাশীপুর বাংলাবাজার এলাকার মৃত আবদুর রবের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে রিপনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তবে মৃত্যুর আগে রিপন কয়েকজনের নাম বলে গেছে যা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
এলাকাবাসী জানিয়েছে, কাশীপুর বাংলা বাজার এলাকার কয়েক জনের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে রিপনের দ্বন্দ্ব ছিল।
ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে রিপনকে ডেকে নিয়ে যাওয়া হয় বাংলাবাজার এলাকার কোয়ালিটি ডাইংয়ের সামনে। সেখানে নিয়েই রিপনকে আটকে কুপিয়ে গুরুতুর আহত করে।
