২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিয়ানীতে প্রধানশিক্ষককে মারধরে বিক্ষুব্ধ শিক্ষকসমাজ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ঈদের পর উপজেলার সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উপজেলা শিক্ষক সমিতি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার উপজেলা শিক্ষক সমিতি মো. জয়নুদ্দিন আহম্মেদ আগামী ৮ অগাস্ট থেকে উপজেলার সব বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেন।

জয়নুদ্দিন বলেন, “এ ঘটনায় আমরা শিক্ষক সমাজ মর্মাহত। ঈদের ছুটির পর ৮ অগাস্ট থেকে সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

“ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

বুধবার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাসকে মারপিটের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছে, গত ৫ জুন কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান পদে নির্বাচন হয়।

এতে মো. রবিউল সরদার ও কাজী জহিরুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজলা নিবার্হী অফিসারের অফিসে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হলে মো. রবিউল সরদার জয়ী হন।

এই নির্বাচনের জের ধরে বুধবার বেলা ১১টায় পরাজিত প্রার্থী জহিরুলের ছোট ভাই ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলী মুনসুরুল গোরা কাজীর ছেলে মো. আরাফাত কাজি ও তার বন্ধু সোহাগ সেখ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারপিট করে।

এ ব্যাপারে জানতে চাইলে ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলী মুনসুরুল গোরা কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “না বুঝে ছেলেপেলেরা করে ফেলেছে।”

মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।