গাজীপুরে ৩ গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সদরের তিনটি গ্রামে অভিযান চালিয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে জেলার চতর, ভাগলবাড়ি ও চান্দনা গ্রামে চালানো এ অভিযানে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফীন রেজওয়ান নেতৃত্ব দেন।
আরেফীন রেজওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরবরাহ লাইন থেকে যারা অবৈধভাবে ওই গ্যাস সংযোগ নিয়েছে, কেবল তাদের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
“এতে প্রায় এক হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সংশ্লিষ্টদের কাউকে আটক করা যায়নি।”
গাজীপুর তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক বিএম তোরাব হোসেন জানান, আইন অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত থাকবে।
