২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ও চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

দিনাজপুরে শ্যালো ইঞ্জিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বাকলিয়ায় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে এক রিকশা চালকের।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 02:25 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।

দিনাজপুরে নিহতরা হলেন- সদর উপজেলার কিসমত মাধবপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে শুভ, তার বড় ভাই মোসাদ্দেক হোসেন ও আরেক ভাইয়ের ছেলে সাদেকুল।

এছাড়া মফিজুল হক (৫০) নামে আরেকজনকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন  জানান, দুপুরে বাড়ির পুকুরের পানি সেচতে বিদ্যুৎচালিত শ্যালো ইঞ্জিনে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোসাদ্দেক। তাকে বাঁচাতে এগিয়ে গেলে শুভ, সাদেকুল ও মফিজুল বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এদিকে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি গ্যারাজে বিদ্যুতায়িত হয়ে দ্বীন মোহাম্মদ (৩৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, নিহত দ্বীন মোহাম্মদ নগরীর বাকলিয়া এলাকার ইছাইক্কার পোল এলাকায় থাকতেন। বৃহস্পতিবার সকালে ময়দার মিল এলাকায় গ্যারাজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।