২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীর চরে পোশাক কারখানায় আগুন, নিহত ১

রাজধানীর কামরাঙ্গীর চরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিনজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 10:22 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মী নীলুফার ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কামরাঙ্গীর চরের সুলতালগঞ্জ এলাকায় মায়ের দোয়া নামের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭ টার দিকে টিনশেড কারখানা ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত শ্রমিকের নাম কবির হোসেন (৩০)। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শ্রমিক শাহীন (৩২), রুবেল (৩০) ও সোহাগ (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

কামরাঙ্গীর চর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার জানান, অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় চার শ্রমিক ঘুমিয়ে ছিলেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, কবিরের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবে শাহীন, রুবেল ও সোহাগ দগ্ধ হননি, তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নীলুফার ইয়ামিন জানান, আগুনে ওই কারখানার প্রায় ৪০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

কারখানা মালিক হেমায়েত উদ্দিনের বরাত দিয়ে পরিদর্শক কবির হোসেন জানান, আগুনে কারখানাটির প্রায় ২৫টি মেশিন পুড়ে গেছে।