২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় পুলিশসহ নিহত ৩

রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 09:16 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

রাজবাড়ী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরদার জানান, বুধবার মধ্যরাতের পর উপজেলার নিমতলা এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চার কনস্টেবলসহ ১৫ জন আহত হন।

নিহত পুলিশ কনস্টেবল রুবেল হোসেনের (৩২) বাড়ি মেহেরপুর জেলার ভাসপুরের কানদেবপুর গ্রামে। দুর্ঘটনার সময় তিনি নিমতলা এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

নিহত বাসযাত্রীরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের হারুন শেখ (৪৫)  ও একই জেলার ধেমা গ্রামের দেলোয়ার হোসেন (৪২)।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, রাত প্রায় দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নামিয়ে অন্য একটি বাসে তুলে দেয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। আহত কনস্টেবল রুবেলকে ফরিদপুর হাসপাতালে নেয়ার পর, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দুর্ঘটনার সময় ইলিয়াস হোসেন নামের আরেক কনস্টেবলের হাতে থাকা একটি চাইনিজ রাইফেল চাপা পড়ে ভেঙে যায়।

ওসি জানান, পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।