কচুক্ষেতে কিশোরীর লাশ উদ্ধার
রাজধানীর কাফরুলের কচুক্ষেত এলাকা থেকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মাজেদা আক্তার (১৫) নামের ওই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কিশোরীকে তার ঘর থেকে অচেতন অবস্থায় দরজা ভেঙে উদ্ধার করা হয়। এসময় পাশের বাসার মজিবুর নামে এক যুবককেও ওই ঘরে পাওয়া যায়।
মজিবুরও অসুস্থ জানিয়ে ওসি বলেন, মজিবুর কিভাবে অসুস্থ হল তা বোঝা যাচ্ছে না।
ওসির ধারণা, মজিবুর ওই ঘরে মাজেদাকে ধর্ষণ করতে ঢুকেছিলেন এবং পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে নিজেও কোনো ওষুধ সেবন করেন।
মাজেদা ধর্ষিত হয়েছে কি না- জানতে চাইলে ওসি বলেন, “তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মজিবুর সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।”
মাজেদার বড় ভাই কবির হোসেন ও ভাবি মহিমা খাতুন হাসপাতালে সাংবাদিকদের বলেন, তারা দুজন একটি পোশাক কারখানায় কাজ করায় বাসার বাইরে ছিলেন।
একটি বাসায় ঝিয়ের কাজ করা কবিরের মাও বাইরে ছিলেন।
তাদের অভিযোগ, মজিবুর তাদের বাসায় ঢুকে মাজেদাকে শ্বাসরোধে হত্যা করেছে।
নিহত মাজেদা স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো।
মজিবুরকে গ্রেপ্তার দেখিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওসি কাইয়ুম জানান।
মাজেদাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদরে।
এদিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বুধবার দুপুরে হাজেরা বেগম (৫৪) নামে এক নারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।
নিহতের বড় ছেলে ইব্রাহিম খলিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, গোলচত্বরের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় তার মা মারাত্মক আহত হন। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
