২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ কার্যকরে সাংবাদিকদের সহযোগিতা চান স্পিকার

দশম জাতীয় সংসদ কার্যকর করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 09:24 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

বুধবার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় সংসদ বিষয়ক প্রতিবেদকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “সংবাদিকরা সংসদের অবিচ্ছেদ্য অংশ। সংসদ বিষয়ক প্রতিবেদকদের লেখনির মাধ্যমেই জনগণ সংসদের কার্যক্রম বিশদভাবে জানতে পারে। স্পিকার হিসেবে আমার মতামত দেয়ার সুযোগ না থাকলেও সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে সেগুলো জনগণের কাছে চলে যায়।”

সাংবাদিকদের গঠনমূলক প্রতিবেদনের মাধ্যমে ভুল-ত্রুটি উঠে আসে মন্তব্য করে তিনি বলেন, “এর মাধ্যমে আমরা ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ পাই। দশম জাতীয় সংসদকে অধিক কার্যকর করতে আপনাদের (সাংবাদিক) এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।”

স্পিকার বলেন, “সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে যেমনভাবে তৃণমূল পর্যায়ে জনগণকে অবহিত করছেন তেমনিভাবে সংসদ সম্পর্কে সাধারণ জনগণের প্রতিক্রিয়াও তুলে ধরছেন। এর মাধ্যমেই স্বচ্ছতা ও জবাদিহি নিশ্চিত করা সম্ভব হচ্ছে এবং সংসদীয় গণতন্ত্রের ভিত মজবুত হচ্ছে।” 

গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

অতীতের মতো আগামীতেও সংসদ বিষয়ক প্রতিবেদকরা তাদের কাজ চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।

ইফতারের আগের ওই আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান, সাবেক সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশের প্রধান সম্পাদক শাহজাহান সরদার, সাবেক সাধারণ সম্পাদক আশিস সৈকত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।