তিস্তায় আবার পানি বৃদ্ধি
ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, বুধবার সকাল থেকে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকাল ৩টায় তা কমে বিপদসীমার তিন সেন্টিমিটার উপর চলে আসে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচ গেইট খুলে দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, সকাল থেকে বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা নদীর সংলগ্ন বাইশপুকুর ও চর গ্রামগুলো প্লাবিত হয়েছে। ওই এলাকার তিন শতাধিক পরিবারের ঘরবাড়ি হাঁটু পানিতে তলিয়ে গেছে।
ডিমলা উপজেলার খাঁলিশা চাঁপানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ইউনিয়নের পশ্চিমবাইশপুকুর, ছোটখাতা, বানপাড়া গ্রামের তিন শতাধিক পরিবার হাঁটু পানিতে বন্দি হয়ে পড়েছে।
এছাড়াও উপজেলার টেপাখড়িবাড়ি-খগাখড়িবাড়ি-গয়াবাড়ি-ঝুনাগাছচাঁপানী-ডাউয়াবাড়ি-শৌলমারী-কৈমারী এলাকার চরগ্রামগুলো প্লাবিত হয়েছে।
এর আগে গত ৩০ জুন তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে ২৪ ঘণ্টা পর নিচে নেমে আসে। আট দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় তিস্তার পানি আবার বিপদসীমার উপর যায়।
