দশ দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামি
গাইবান্ধা সদরে গৃহবধূকে চার দিন ‘আটকে রেখে’ ধর্ষণের মামলার আসামিকে ১০ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনার প্রতিবাদ ও আসামিকে গ্রেপ্তারের দাবিতে বুধবার জেলা শহরে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি রোকেয়া খাতুন, বাসদ জেলা কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মনজুর আলম মিঠু, প্রভাষক মোস্তফা মনিরুজ্জামান মনির, প্রভাষক আকরামুল হক রাঙ্গা, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
মামলার নথি থেকে জানা যায়, গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামে গত ২৭ জুন আফান উদ্দিনের ছেলে রাজু মিয়া (২৫) তার গৃহস্থালী কাজ করার কথা বলে প্রতিবেশী এক দিনমজুরের স্ত্রীকে বাড়িতে ডেকে নিয়ে যায়।
পরে তাকে ঘরে আটকে রেখে চার দিন ধরে ধর্ষণ করে।
চার দিন পর (১ জুলাই) তার স্বামী পুলিশের সহযোগিতায় ওই গৃহবধূকে রাজু মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
