২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভাইয়ের ছুরিতে আহত ইউপি সদস্যের মৃত্যু

সাভারে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত হওয়ার চারদিন পর এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 02:49 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

নিহত ফারুক চৌধুরী (৪০) ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি ভাকুর্তা এলাকার মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

“ফারুকের ছোট ভাই জাবেদ চৌধুরী মাদকাসক্ত। ভাইকে ছুরি মারার পর থেকেই সে পলাতক।”

ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় ফারুক চৌধুরীর সঙ্গে জাবেদের ঝগড়া হয়। এর এক পর্যায়ে উত্তেজিত হয়ে জাবেদ বড় ভাইকে ছুরি মেরে পালিয়ে যায়।

ফারুককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে বক্ষব্যধি হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য শনিবার তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়নাতদন্তের জন্য ফারুকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।