২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 01:39 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

লোহাগাড়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে উপজেলা বাস স্টেশন এলাকার একটি জমির বিরোধ থেকে এ সংঘর্ষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো ও দক্ষিণ জেলার উপ-প্রচার সম্পাদক নুরুল আবছারের সমর্থকরা এ সংঘর্ষে জড়ায় বলে জানান তিনি।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- মো. মন্নান (২০), এনামুল হক (২৮), নুরুল আলম (৩৭), নুরুল কবির (৩৭), জামাল উদ্দিন (৬৭), মনজু বেগম (৫০), মীনা কলি (১৮), মো. রবিন (১৮), মিনহাজুর (২২), বিমল দে (৪০) ও রাশেদা বেগম (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, আহতদের মধ্যে মন্নান ও এনামুলের আঘাত গুরুতর।

ওসি খালেদ জানান, বাস স্টেশন এলাকার ওই জমি নিয়ে সালাউদ্দিন হিরো ও নুরুল আবছারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সালাউদ্দিন হিরোর নিয়ন্ত্রণে থাকা ওই জমির দখল নিতে ভোর ৬টার দিকে নুরল আবছারের লোকজন সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ কর্মকর্তা খালেদ হোসেন জানান।