২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পরিবহন ধর্মঘট স্থগিত

শ্যালো ইঞ্জিনচালিত যান চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে মোটর শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 01:14 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবারের ঘোষণা অনুযাযী বুধবার সকাল ৬টা থেকে রাজশাহী জেলায় এ ধর্মঘট শুরুর পর দুপুরে অতিরিক্ত কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। সেখানে দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে বেলা ১২টার দিকে তারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন বলেন, “দাবি আগেই মেনে নেয়া হয়েছিল। সেসব দাবি বাস্তবায়নের জন্য কঠোর প্দক্ষেপ নেয়ার আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে।”

রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মনির হোসেন বলেন, “গত মে মাসে বাস-ট্রাক মালিক-শ্রমিকরা আন্দোলনে শুরু করলে তাদের দাবি মেনে নেয়া হয়। তবে সম্প্রতি উপজেলা পর্যায়ে কিছু সড়কে অবৈধ যানবাহন চলাচল করছে বলে তারা জানিয়েছেন। সেগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।”

এদিকে ধর্মঘটের কারণে সকল থেকে সড়ক পথে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। ফলে রেল স্টেশনে ভিড় বাড়ে  এবং অনেকে ট্রেনের টিকিট না পেয়ে ফিরে যান।

দেশীয় প্রযুক্তিতে তৈরি শ্যালো ইঞ্জিন চালিত যানবাহনসহ সকল অবৈধ যান চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার বিকেলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় মোটর শ্রমিকরা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে রুট পারমিট বহির্ভূত এলাকায় সিএনজি, মাহেন্দ্রা, ত্রি-হুইলার ও ইমা চলাচল বন্ধ করা, এসব বাহনকে রুট পারমিট দেয়া বন্ধ করা, ইজারার মাধ্যমে উপজেলা পর্যায়ে বিআরটিসির দ্বিতল বাস চলাচল বন্ধ রাখা, ‘ওজন স্কেলের নামে ট্রাকে চাঁদাবাজি’ এবং ‘পুলিশি হয়রানি’ বন্ধ করা।