২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ জালিয়াতিতে চবির সাবেক তিন কর্মকর্তা দণ্ডিত

সনদ জালিয়াতির দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক তিন কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

দণ্ডিতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জি এম লতিফ খান, উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান ও সেকশন অফিসার নাসির উদ্দিন।

মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম আতাউর রহমান এ রায় দেন।

অকৃতকার্য শিক্ষার্থীদের কৃতকার্য দেখিয়ে সনদ ও নম্বরপত্র সরবরাহের অভিযোগে দায়ের করা দুটি মামলা প্রমাণিত হওয়ায় প্রতি মামলায় তাদের তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

তবে উভয় মামলার দণ্ড একইসঙ্গে কার্যকর হওয়ায় তিন বছর কারাভোগ করলেই তাদের সাজার মেয়াদ পূর্ণ হবে বলে বিভাগীয় বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, কারাদণ্ডের পাশাপাশি আসামিদের তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাদের আরো ছয় মাস কারাভোগ করতে হবে।

দণ্ডিতদের সবাইকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে আইনজীবী মেজবাহ জানিয়েছেন।

১৯৯৭ সালের ৩০ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী থানায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪২০, ৪৬০ ও ৪৬৭ ধারায় মামলা দুটি করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক নুরুল হুদা আজাদ।

এর মধ্যে একটি মামলায় ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ (পাস) ও এলএলবি (ফাইনাল) কোর্সের অকৃতকার্য সাত শিক্ষার্থীকে উত্তীর্ণ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে সনদ ও নম্বরপত্র সরবরাহের অভিযোগ আনা হয়।

অন্য মামলায় ১৯৯৩ সালে এলএলবি (ফাইনাল) কোর্সের ৪৮ জন অনুত্তীর্ণ পরীক্ষার্থীকে কৃতকার্য দেখিয়ে সনদপত্র ও নম্বরপত্র ইস্যু করার অভিযোগ আনা হয়। 

২০০২ সালে অভিযোগ গঠনের পর মামলা দুটির বিচার শুরু হয়।

সনদ জালিয়াতির একই ধরনের অভিযোগে আরেকটি মামলায় গত বছর এই তিন জন দণ্ডিত হয়েছিলেন।