চট্টগ্রামে তিন ‘চোর’ গ্রেপ্তার
চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় শতাধিক চুরির মামলার তিন আসামিকে নগরীর বাকলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে বৌ বাজার এলাকায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম আবু (৪৫), মো শহীদ (৩০) ও মো জসীম উদ্দিন (৩৫)।
তারা গত কয়েক বছরে নগরীসহ বিভিন্ন জেলায় দোকানের শার্টার ভেঙ্গে চুরির ঘটনার সাথে জড়িত বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
“তাদের প্রধান লক্ষ্য সোনা ও মোবাইলের দোকনে চুরি। এরা তাদের টার্গেট করা দোকানের সামনে জড়ো হয়ে বিশেষ পন্থায় শার্টার কেটে সেখান থেকে মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে” বলেন তিনি।
রাজধানীর বসুন্ধরা সিটিতে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায়ও এই তিন জন জড়িত ছিল। এর আগেও রাঙামাটিতে চুরির ঘটনায় তারা গ্রেপ্তার হয়েছিল বলেও জানান তিনি।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, তিনজনের বিরুদ্ধে বন্দরনগরীর কোতোয়ালি, পাহাড়তলী থানাসহ দেশের বিভিন্ন জেলায় চুরির অভিযোগে শতাধিক মামলা আছে।
