খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ
বাংলাদেশ জুট মিল কর্পোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।
বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি এবং এর অধীনস্থ মিলসমূহকে সাবসিডিয়ারি কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
খুলনা অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলীম, ইস্টার্ন জুট মিল ও যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেয়।
অবরোধ শেষে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একই দাবিতে পাটকলগুলোর প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশনের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।
খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, “বিজেএমসিকে কোম্পানিতে রূপান্তর করলে অনেক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক চাকরি হারাবেন। তাই অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে।”
এ ছাড়া চলতি মৌসুমে পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।
