২২৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার
রাজধানীসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২২৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
মিরপুর থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার জানান, গত তিন দিনে মিরপুর ও রাজধানীর আশেপাশের এলাকায় চালানো এসব অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি ১৩ জনকে আটক করা হয়েছে।
তারা হলেন- ফজলুল করিম (২১), মোস্তাফিজ (৩৮), সরফা দাদাল (৪০), মারুফ বিল্লাহ (২০), মনিরা পারভিন (২২), মীর আরিফুজ্জামান ভানু (৪০), নূর মোহাম্মদ ফোটন (২৭), শাহজাহান শেখ (২০), তরিকুল ইসলাম (৩২, হারুন-অর-রশিদ (২৮), মকবুল হোসেন (৪৫), ওয়াহিদুজ্জামান বাপ্পী (৪৫) ও আনোয়ার হোসেন (৫৫)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ জুলাই ইউসিবি ব্যাংকের মিরপুর শাখার সামনে থেকে এই চোর চক্রের অন্যতম হোতা সাদেক ওরফে আকবরকে একটি চোরাই মোটর সাইকেলসহ আটক করা হয়।
তার দেয়া তথ্যে আশিকুর রহমান (৩০) নামে আরেকজন আটক করা হয়। তাদের দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা, মানিকগঞ্জ, যশোর, ফরিদপুর, সাতক্ষীরায় অভিযান চালিয়ে মোট ২২৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
সাম্প্রতিক সময়ে ঢাকা মহনগরী পুলিশের (ডিএমপি) চালানো অভিযানে এটাই সর্বোচ্চ সংখ্যক চোরাই মোটর সাইকেল উদ্ধারের ঘটনা বলে তিনি জানান।
