২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্কাটনে পুলিশ-ছিনতাইকারী গোলাগুলি, ৫৯ লাখ টাকা উদ্ধার

রাজধানীর ইস্কাটনে ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে এক পুলিশ কর্মকর্তা ও এক ছিনতাইকারী আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার রাতে এ ঘটনায় ছিনতাইকারীদের কাছ থেকে ৫৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত টাকার কোনো দাবিদার পায়নি পুলিশ।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ইস্কাটনে জনকণ্ঠ ভবনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে।

“ছিনতাইকারীদের গুলিতে রমনা থানার উপপরিদর্শক ইফতেখার আহমেদ এবং পুলিশের গুলিতে লিটন নামের এক ছিনতাইকারী আহত হন।”

সহকারী কমিশনার শিবলী বলেন, রমনা থানা পুলিশের একটি দল ওই এলাকায় দায়িত্ব পালনকালে ছিনতাই-ছিনতাই শুনে এগিয়ে গেলে একটি মটরসাইকেলের তিন আরোহী পুলিশকে লক্ষ করে কয়েক রাউণ্ড গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এসময় একজনের পায়ে গুলি লাগলে তিনি টাকার ব্যাগসহ মটরসাইকেল থেকে পড়ে যান। অন্যরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাগে ৫৯ লাখ টাকা পাওয়া গেলেও ঘটনাস্থলে কেউ তার মালিকানা দাবি করেনি বলে শিবলী নোমান জানান।