২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকের বেতনের কোটি টাকা ‘ছিনতাই’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের এক কোটি ৩৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার বিকালে বোর্ডমিল এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ব্যাপারে ওই পোশাক কারখানার কর্মকর্তা উল্লাস, মি. জিম ও মাইক্রোবাস চালক হান্নান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব খান জানান, আশুলিয়ার জামগড়া থেকে একটি মাইক্রোবাসে এক কোটি ৩৩ লাখ টাকা নিয়ে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরায় ফ্যাশন নিট কারখানায় যাচ্ছিলেন তারা।

পথে বোর্ডমিল কবরস্থানের সামনে তিনটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারি মাইক্রোবাসের গতিরোধ করে। পরে চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার বক্স ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

এসআই সজীব আরো বলেন, কালিয়াকৈর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ ওই তিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ফ্যাশন নিট কারখানার শ্রমিকদের বেতন দেয়ার জন্য আশুলিয়ার জামগড়া এলাকার একই মালিকানাধীন একটি কারখানা থেকে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে তারা পুলিশকে জানিয়েছে, বলেন এসআই সজীব।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাটি সাজানো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।