সংশোধিত পরমানু আইনের খসড়া অনুমোদিত
পরমানু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সদস্যদের নিয়োগের প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পরমানু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, পরমানু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করা হয়েছে পরমানু শক্তি নিয়ন্ত্রণ আইনের আওতায়।
“কিন্তু এই কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে যোগ্যতা খুব বেশি সুনির্দিষ্ট করায় যথোপযুক্ত লোক পেতে অসুবিধা হচ্ছিল।”
সংশোধিত আইনের খসড়ায় চেয়ারম্যান ও সদস্য নিয়োগে যোগ্যতা সংশোধন করে পরমানু শক্তি ব্যবস্থাপনায় পর্যাপ্ত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে নিয়োগের কথা বলা হয়েছে বলে জানান মোশাররাফ।
তিনি বলেন, চারজন সদস্যদের মধ্যে একজনকে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনে অভিজ্ঞতা সম্পন্নদের মধ্যে থেকে নেয়া হবে বলে সংশোধিত আইনের খসড়ায় বলা হয়েছে।
বর্তমান আইনে কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগে পদার্থ বা ফলিত পদার্থ বিজ্ঞান, রসায়ন বা ফলিত রসায়ন, মেকানিক্যান ইঞ্জিনিয়ারিং বা নিউক্লিয়ার ইজ্ঞিনিয়ারিং, ভৌত বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর বা উচ্চ ডিগ্রীধারীদের অগ্রাধিকার এবং নিউক্লিয় নিরাপত্তা ও বিকিরণ সুরক্ষায় ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা ও নিয়ন্ত্রণমূলক কাজের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা ছিল।
রপ্তানী উন্নয়ন ব্যুরো আইন, ২০১৪ এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “রপ্তানী উন্নয়ন ব্যুরো অধ্যাদেশ ১৯৭৭ কে আইনে পরিবর্তন করতেই এ উদ্যোগ। অধ্যাদেশ আইনে পরিবর্তন করতে বিশেষ কোন পরিবর্তন করা হয়নি।”
রপ্তানী উন্নয়ন ব্যুরো বোর্ডে কৃষি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে বলে নতুন আইনে বলা হয়েছে।
এছাড়া আগে মাসে একবার বোর্ড সভার বিধান বাতিল করে বছরে অন্তত চারবার বোর্ডসভা করার বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
