খুলনায় চিকিৎসকদের ধর্মঘটে অচল স্বাস্থ্যসেবা
চিকিৎসকদের ধর্মঘটে খুলনায় অচল হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে সোমবার থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা ধর্মঘটে যোগ দেয়ায় দুর্ভোগে পড়েছে রোগীরা।
সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফুলতলা উপজেলার খাদিজা বেগমের স্বজনরা বলেন, “প্রসব ব্যথা নিয়ে রোববার খাদিজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
“সোমবার তার সিজার করে সন্তান প্রসবের কথা আগে চিকিৎসকরা জানালেও কোন চিকিৎসক ওই ওয়ার্ডে যাননি।” এতে তারা দারুণ দুশ্চিন্তায় পড়েছেন।
বেসরকারি ক্লিনিক সন্ধানীতে গিয়ে দেখা যায়, নগরীর নতুনবাজার থেকে হাত ভাঙা শিশু সজীবের (১০) স্বজনদের বলা হচ্ছে এখানে কোন চিকিৎসা হবে না।
অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারেন।অন্য কোথায় যাব জানতে চাইলে ক্লিনিকের লোকজন কোন সদুত্তর দেননি তাদের।
নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা যায় রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা সেবা না পেয়ে আক্ষেপ করতে করতে বাড়ি ফিরে যাচ্ছেন।
গত ২ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র অমিত রায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় চিকিৎসক তানভির ইসলাম বাপ্পাকে ধরে নিয়ে যায় তারা। পরে পুলিশ বাপ্পাকে উদ্ধার করে।
এই হামলা, ভাংচুর ও চিকিৎসককে অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে শনিবার থেকে কর্মবিরতি শুরু করে খুলনার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা।
এ দাবি পূরণ না হওয়ায় রোববার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), খুলনা প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন এক যৌথ সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটে নগরীর সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারসহ সব চিকিৎসা কেন্দ্র বন্ধ রয়েছে।
শুধু সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. শেখ বাহারুল আলম বলেন, “চিকিৎসা কেন্দ্রে হামলা ও চিকিৎসক অপহরণকারীদের রোববারের মধ্যে গ্রেপ্তারর না করায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের পাশাপাশি সোমবার থেকে খুলনার সব সরকারি হাসাপাতালের চিকিৎসরাও ধর্মঘট পালন করছেন।”
গাজী মেডিকলে কলেজ হাসপাতালের তত্তাবধায়ক ও বিএমএ-র কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর ডা. বঙ্গকমল বসু বলেন, “যতক্ষণ পর্যন্ত চিকিৎসা কেন্দ্র ভাংচুর ও চিকিৎসক অপহরণকারীরা গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকরা ধর্মঘট অব্যাহত রাখবেন।”
একই দাবিতে চিকিৎসকরা সকালে খুলনা জেনারেল হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও খুলনা মেডিকেল কলে হাসপাতালের সামনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত তিনটি সমাবেশ করে।
বেলা সাড়ে ৩টায় চিকিৎসকরা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমানের কাছে একটি স্মারকলিপিও দেন।
