২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসি রক্ষায় খুলনায় পাটকলে ঘেরাও

বাংলাদেশ পাটকল কর্পোরেশনকে, বিজেএমসি, হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা তাদের প্রশাসনিক ভবন দুই ঘণ্টা ঘেরাও করে রাখে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 04:33 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নিজ নিজ কারখানার প্রশাসনিক ভবন ঘেরাও করে তারা প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ণ, জেজেআই (যশোর জুট ইন্ডাস্ট্রিজ), খালিশপুর, দৌলতপুর জুট মিল, আলীম ও কার্পেটিং জুট মিলের প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকলকে হোল্ডিং কোম্পানি বানানোর ‘জনবিরোধী’ সিদ্ধান্ত কার্যকর না করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

খুলনা পাটকল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান ভুঁইয়া বলেন,  “মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা রাজপথ অবরোধ ও বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিলের প্রশাসনিক ভবনের সামনে প্রতীক অনশন কর্মসূচি পালন করা হবে।”

বাংলাদেশ জুট মিল কর্পোরেশন-বিজেএমসি খুলনা জোনাল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার আশঙ্কা বিজেএমসিকে কোম্পানিতে রূপান্তর করলে অনেক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক চাকরি হারাবেন।